[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃষ্টিতে কর্দমাক্ত শনির আখড়া পশুর হাট, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ৯:৫৬ পিএম

সংগৃহীত ছবি

টানা বর্ষণে রাজধানীর শনির আখড়া পশুর হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় পরিবেশ তৈরি হয়েছে।

এতে কোরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ী ও পশু কিনতে আসা মানুষের ভোগান্তি বেড়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গরুগুলোকে, কোথাও আবার কাদার মধ্যেই শুয়ে থাকতে দেখা গেছে।


সোমবার (২৫ মে) বিকেলে হাট ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে অধিকাংশ অংশেই হাঁটা চলা কঠিন হয়ে পড়েছে। কোথাও জমে থাকা পানি ছোট ছোট জলাবদ্ধতার সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা খড় ও বালু ব্যবহার করলেও পুরোপুরি স্বস্তি মিলছে না।


জামালপুর থেকে আসা এক গরু ব্যবসায়ী জানান, তিনি ১৫টি গরু নিয়ে হাটে এসেছেন। এর মধ্যে কয়েকটি বিক্রি হলেও বাকিগুলো এখনো অবিক্রীত রয়েছে। তার ভাষ্য, বৃষ্টির কারণে পশুগুলোকে পানির মধ্যেই রাখতে হচ্ছে, এতে পশু ও ব্যবসায়ী—উভয়েরই কষ্ট বাড়ছে।


ফরিদপুর থেকে আসা আরেক ব্যবসায়ী বলেন, তিনি ও তার ভাই মিলে ১২টি গরু এনেছেন। তবে হাটে আসার দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো গরু বিক্রি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগ মুহূর্তে ক্রেতা বাড়লে বিক্রিও বাড়বে।


হাটে গরু দেখতে আসা এক ক্রেতা বলেন, চারদিকে কাদা ও পানি জমে থাকায় ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না। এতে পশু নির্বাচন করতেও সমস্যা হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, অনেকে নিজেদের উদ্যোগে বালু ফেলে পানি কমানোর চেষ্টা করছেন। কেউ খড় বিছিয়ে পশুর জায়গা শুকনো রাখার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


উল্লেখ্য, কয়েক দিনের তীব্র গরমের পর রোববার থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে রাজধানীতে প্রায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর