গোপালগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ও নগদের প্রায় দুই লাখ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে গ্রাহকদের পাঠানো বার্তায় জানানো হচ্ছে, এমএফএস বিধিমালা অনুসারে সংশ্লিষ্ট বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চাহিদার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানিয়েছেন।
হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেক গ্রাহকের জমা টাকা আটকে গেছে। কেউ কয়েক হাজার, আবার কেউ তার চেয়ে বেশি অর্থ তুলতে বা অন্যের কাছে পাঠাতে পারছেন না। চিকিৎসা, সংসারের খরচ কিংবা জরুরি প্রয়োজনে লেনদেন করতে না পেরে অনেককে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হচ্ছে।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, ‘মাসের শেষ দিকে হাতে টাকা নেই। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা জমা ছিল। কিন্তু অ্যাকাউন্ট বন্ধ থাকায় ধারদেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়েছে।’
শহরের পাওয়ার হাউজ মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ জানান, বোরো মৌসুম শুরু হওয়ায় ধানের বীজ কেনার জন্য বাবার কাছে সাত হাজার টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাষাবাদের কাজেও সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তামান্না পারভীন নামের এক গ্রাহক বলেন, তার ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। বিকাশের সেবা বন্ধ থাকায় ছেলের কাছে প্রয়োজনীয় টাকা পাঠাতে পারছেন না।
এ বিষয়ে বিকাশের স্থানীয় এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। তবে অনেক অ্যাকাউন্টে লেনদেনসংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। যেসব অ্যাকাউন্টে ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হয়, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িতদের অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আপত্তি নেই। তবে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় মোট ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সংগঠনটির আরও ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার আসামিকে অজ্ঞাতপরিচয় হিসেবে দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ/এইচ/টি