[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন নেতৃত্বে হেলিম ও নজরুল

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম।

গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাঁদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একই সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলা ভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পাশাপাশি তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নতুন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম।

সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে পেশাগত সংহতি প্রতিষ্ঠা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনার প্রস্তাব গুরুত্ব পায়।

এ ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোর মধ্যে ফেডারেল পদ্ধতিতে সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

ছয় জেলার ঐক্যের প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ এবং জেলার নামের আদ্যক্ষর নিয়ে ‘টানে কিশে মজা’ স্লোগান সামনে রাখার কথাও উঠে আসে।

নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং জেলা-উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে ফেডারেল কাঠামোর আওতায় আনা তাঁদের অন্যতম লক্ষ্য।

সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় প্রশিক্ষণ এবং স্থানীয় ও আঞ্চলিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধি এবং বৃহত্তর ময়মনসিংহের সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি কাজ করবে।

উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে ছয় জেলার সাংবাদিকদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ ও পেশাগত ঐক্য আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর