গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার বাঁশবাড়িয়া, ডুমুরিয়া, পাটগাতী বাজার ও পাটগাতী স্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে মিছিল করেন। এ সময় পাটগাতী স্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-পিরোজপুর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
দুপুরের দিকে পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে বিকেলে উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে আগুন দেওয়া হয়। চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে অগ্নিসংযোগ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারে ভাঙচুরের খবর পাওয়া গেছে।
সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বিএনপি নেতা রাকিবের গোডাউন এবং কাঠের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে বিভিন্ন এলাকায় মিছিল করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শপথ নেন বলে জানা গেছে। এ সময় উপজেলার বিভিন্ন সড়কে তাদের ছোট ছোট মিছিল করতে দেখা যায়।
অন্যদিকে, সন্ধ্যায় পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় তিনি কুপিয়ে আহত হন। তিনি টুঙ্গিপাড়া থানায় কর্মরত রয়েছেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এসআই মোসলেম আলী। ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে যোগ দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় লাঠিসোঁটা দিয়ে গাড়ির কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পুলিশের পক্ষ থেকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এজাহারে আরও বলা হয়, সরকারি সম্পদ ও পুলিশ সদস্যদের নিরাপত্তা রক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল এবং তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এফ/ডি