সামাজিক যোগাযোগমাধ্যমে আটটি পিস্তল সামনে রেখে হুমকিমূলক ভিডিও প্রকাশের ঘটনায় আলোচনায় আসা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের একটি ভিডিওতে হৃদয়কে সামনে সারিবদ্ধভাবে রাখা আটটি পিস্তল দেখিয়ে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি’ এবং ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশার কর্মী হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
ডিবি পুলিশ জানায়, ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রগুলোর উৎস এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু হয়। এরই ধারাবাহিকতায় কবিরহাটে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় দাবি করেছেন, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয়। এগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিবির দাবি, হৃদয় বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন। পাশাপাশি হুমকিমূলক কথাবার্তা অডিওতে সংরক্ষণ করতেন। পরে এসব উপকরণ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করতেন। তাঁর বিরুদ্ধে অনেককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল জানান, হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর অপরাধ কর্মকাণ্ড, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের কারণে সংঘটিত হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এলাকায় অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এফ/ডি