[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরের ৭৫ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত হচ্ছে পাঠদান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।

দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ খালি থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। অনেকটা বিকল্প ব্যবস্থায় চলছে শিক্ষা কার্যক্রম, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনায়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১২৭টি। এর মধ্যে ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকের ৫২টি পদও দীর্ঘদিন ধরে পূরণ করা হয়নি। ফলে এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

 

এতে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও বিভিন্ন সভায় অংশ নিতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে শিক্ষকদের। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে।

 

উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, তাঁদের বিদ্যালয়ে ৩৬৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন পাঁচজন। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের একটি করে পদ খালি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। একই শিক্ষককে একসঙ্গে দুই থেকে তিনটি শ্রেণি সামলাতে হচ্ছে বলেও জানান তিনি।

 

নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা, দায়িত্ব বণ্টন ও তদারকিতে সমস্যা হচ্ছে। এতে শিক্ষার মান উন্নয়নের উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের ওপর মানসিক চাপ বাড়ছে। একই সঙ্গে পাঠদান ও প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে।

 

ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও প্রতিটি প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, ভারপ্রাপ্ত দায়িত্বের পাশাপাশি নিয়মিত ক্লাস নিতে গিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতীয়করণ করা কয়েকটি বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

 

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহম্মদ জানান, শিক্ষকস্বল্পতার কারণে সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্ব পড়ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দাপ্তরিক কাজ, প্রশিক্ষণ ও সভায় সময় দিতে হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।

 

সমাজসেবক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও হাওরাঞ্চলের অবস্থানের কারণে নাসিরনগরের বিদ্যালয়গুলোতে বদলি হয়ে আসতে অনেক শিক্ষক আগ্রহ দেখান না। ফলে শূন্য পদ পূরণে জটিলতা তৈরি হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ অঞ্চলের প্রাথমিক শিক্ষার মান আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া জানান, প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে সরাসরি নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় প্রধান শিক্ষকের অনেক পদ শূন্য রয়েছে। চলতি বছর আটজন সহকারী শিক্ষক যোগ দিলেও এখনো ৫২টি পদ খালি রয়েছে। শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, হাওরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত শূন্য পদগুলোতে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি। অন্যথায় শিক্ষক সংকটের কারণে নাসিরনগরের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর