প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৬ ৭:০০ পিএম
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় ডিএনএ পরীক্ষার প্রতিবেদন প্রকাশ্যে এসেছে।
সিআইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো রক্তমাখা গামছা থেকে সংগৃহীত নমুনায় একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। এর মধ্যে মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। তবে ওই নমুনায় সিদ্ধার্থের ডিএনএর উপস্থিতি উল্লেখ করা হয়নি।
ঘটনাস্থলে পাওয়া একটি বিড়ির অবশিষ্টাংশেও একাধিক ব্যক্তির ডিএনএ শনাক্ত হয়েছে। সেখানে মুগ্ধ ও সিদ্ধার্থ—দুজনেরই ডিএনএ পাওয়া যায়।
এ ছাড়া শসার অবশিষ্টাংশ ও একটি বোতল থেকে সংগৃহীত নমুনায় পাওয়া পুরুষের ডিএনএ প্রোফাইলের সঙ্গে সিদ্ধার্থের ডিএনএর সম্পূর্ণ মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে সম্পর্কহীন কোনো ব্যক্তির ডিএনএর সঙ্গে এই প্রোফাইল মিলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
অন্যদিকে, খেজুর থেকে সংগ্রহ করা নমুনায় পাওয়া আরেকটি পূর্ণাঙ্গ পুরুষের ডিএনএ প্রোফাইল মুগ্ধ দাসের সঙ্গে মিলে গেছে। এ ক্ষেত্রেও দৈবভাবে কোনো সম্পর্কহীন ব্যক্তির সঙ্গে মিল পাওয়ার সম্ভাবনা নগণ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তে বিভিন্ন আলামতে রক্তের উপাদান পাওয়া গেলেও দুটি ভ্যাজাইনাল সোয়াব এবং নিহতদের ব্যবহৃত কয়েকটি পোশাকের নমুনায় পুরুষের বীর্যের উপাদান শনাক্ত হয়নি।
রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে মোট ৩৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। নিহত চারজন ও গ্রেপ্তার দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ শনাক্ত হয়নি। এ ঘটনায় ৫৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশের দাবি, বাড়িতে প্রবেশের পর আসামিরা খেজুর ও শসাও খেয়েছিলেন।
এদিকে চার হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনার মু. মাহবুবুর রশীদ তদন্তের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরির উদ্দেশ্যে পরিকল্পনা করে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধ। ঘটনার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাড়ির আশপাশে অপেক্ষা করছিলেন তারা। একপর্যায়ে গণপতি ছাদে গিয়ে তাদের দেখতে পেয়ে প্রশ্ন করলে তাকে হত্যা করা হয়।
পরে বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের পেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পুলিশের দাবি, এ সময় সিদ্ধার্থ ও মুগ্ধের হামলায় গণপতির স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম প্রাণ হারান। পরে বাড়ির বিভিন্ন জিনিসপত্র তল্লাশি করে স্বর্ণালংকার, ইমিটেশনের গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা ১৫ হাজার টাকা পাওয়ার কথা জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধার্থের কাকা বিনয় দাসের বাড়ি থেকে কিছু গহনা উদ্ধার করা হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, সিদ্ধার্থ ও গণপতির বাড়ি পাশাপাশি। গণপতি অবসরে যাওয়ার পর তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে স্বর্ণালংকার থাকে—এমন ধারণা থেকে চুরির পরিকল্পনা করেন তারা। গণপতির অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা ছিল। তদন্তের অংশ হিসেবে হিসাব দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে সিদ্ধার্থ ওই বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও তৈরি হয়। এর আগে অন্য একটি এলাকায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হওয়ার ঘটনাও ছিল দুই আসামির বিরুদ্ধে।
সিদ্ধার্থের পরিবারের বাড়ি বিক্রির টাকায় ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ওই অর্থ দিয়ে সেখানে জীবিকা নির্বাহ কঠিন হবে—এমন চিন্তা থেকে তারা বড় অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ খুঁজছিলেন বলে তদন্তে উঠে এসেছে। মুগ্ধ মাছের বাজারে কাজ করতেন এবং ভবিষ্যতে গরুর খামার করার পরিকল্পনা করেছিলেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা (৫০), মেয়ে আগামী (২৪) ও ছেলে প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বাড়ির বিভিন্ন স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করা হয়। আদালতে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এফ/ডি