[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এক যুগের পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি ১১ বছরের কার্যক্রম সম্পন্ন করে ১২ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর শহীদনগর, অক্সিজেন-বায়েজিদ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মিলিত ক্লাস পার্টি-২০২৬ উদযাপন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নৃত্যের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রলা টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ আকতার উদ্দিন রানা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. মনির আজাদ, ৩ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, জালালাবাদ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সালসাবিল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মোশাররফ খান এবং শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. মাইন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম রেজা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম রুবেল, কো-অর্ডিনেটর আবু নাছের সোহেলসহ শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক ও কর্মীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১ বছরের অগ্রযাত্রায় সংশ্লিষ্টদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও পরিশ্রম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশেও নজর দিতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত খোঁজ রাখা, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তাঁর মতে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতাই একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম রুবেল।

বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের গত ১১ বছরের শিক্ষা কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়। এরপর শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

তাদের পরিবেশনা অতিথি ও অভিভাবকদের প্রশংসা অর্জন করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।

তাঁরা আরও বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি চর্চার সুযোগ তৈরি করা জরুরি।

এসব ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং যোগ্য ও মানবিক প্রজন্ম গঠনে অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জোবেদা আক্তার, কানিজ ফাতেমা, তহুরা আক্তার, জান্নাতুল নুর আনিশা, তারিকুল ইসলাম ও রোবায়েদসহ অন্যরা।

এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে অংশ নেন।

১১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে ভিত্তি করে নতুন প্রত্যয়ে ১২ বছরে যাত্রা শুরু করল স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর