[email protected] বৃহঃস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক সংলাপ ও বৈশ্বিক সহযোগিতার প্রত্যয়ে শেষ হলো বিইউএফটিআইমুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬ ২:০৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) স্থায়ী ক্যাম্পাসে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর শেষ হয়েছে।

১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ন্যাটো, ইকোসক, ইউএনএইচআরসি, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), ইউএনসিএসডব্লিউ, ইউএনআইডিও, হরমুজ নেগোসিয়েশন ফোরাম, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস কর্পসসহ মোট ১০টি কমিটি অংশ নেয়।

এসব কমিটির অধীনে শিক্ষার্থীরা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও ভূরাজনৈতিক নানা বিষয়ে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি এবং নীতিনির্ধারণী বিতর্কে নিজেদের যুক্তি ও মতামত তুলে ধরেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের বৈচিত্র্য তুলে ধরেন।

২১ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার।

সমাপনী আয়োজনের পর অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’।

আয়োজকদের ভাষ্য, বিইউএফটিআইমুনের মতো আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বদানের সক্ষমতা, বিশ্লেষণী চিন্তা, যোগাযোগ ও আলোচনার দক্ষতা বাড়াতে সহায়তা করে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পর্কে তরুণদের আগ্রহ, বৈশ্বিক বিষয়াবলি নিয়ে সচেতনতা এবং পারস্পরিক মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতেও ভূমিকা রাখে।

ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তরুণদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ জোগানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর