[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

মুড়িপাড়ার খইয়ের ঐতিহ্য: শ্রম ও পুঁজিসংকটে লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ১২:৩৩ পিএম

ভোরের আলো ফুটতেই শুরু হয় কর্মব্যস্ততা। কেউ ধান শুকান, কেউ চুলায় বসান মাটির হাঁড়ি,

 আবার কেউ গরম বালুর মধ্যে ধান দিয়ে তৈরি করেন খই। চুলার আগুনের তাপ, গরম বালুর ঝাঁজ আর ধোঁয়ার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা চলে তাদের কাজ। এভাবেই বংশপরম্পরায় খই ভেজে জীবিকা নির্বাহ করছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মুড়িপাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবার। খইয়ের ঘ্রাণে অন্যদের ব্যবসা-বাণিজ্য সচল থাকলেও নিজেদের জীবনে সচ্ছলতার দেখা মিলছে না এসব কারিগরের।

​খই শুধু একটি খাবার নয়, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। খই দিয়ে তৈরি হয় মুখরোচক মোয়া, নাড়ু, দুধ-খইসহ নানা ধরনের খাবার। একসময় গ্রামবাংলার ঘরে ঘরে এসব খাবারের প্রচলন থাকলেও সময়ের পরিবর্তনে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তবে সেই ঐতিহ্য এখনো আঁকড়ে ধরে রেখেছেন মুড়িপাড়ার বাসিন্দারা। তাদের হাতের তৈরি খই ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজারে।

​স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাপ-দাদার আমল থেকেই মুড়ি ভাজার পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে এ এলাকার মানুষের জীবন-জীবিকা। একসময় এখানে ব্যাপকভাবে মুড়ি ভাজা হতো। সেই পেশার সূত্র ধরেই এলাকাটির নামকরণ হয় ‘মুড়িপাড়া’। তবে সময়ের সঙ্গে মুড়ি ভাজার কাজে আধুনিক যন্ত্রের ব্যবহার শুরু হলে অনেকেই এ পেশা থেকে সরে যেতে বাধ্য হন। পরে জীবিকার তাগিদে তাঁরা শুরু করেন খই ভাজার কাজ। এভাবেই পুরোনো পেশার ঐতিহ্য ধরে রেখে নতুনভাবে জীবিকার পথ তৈরি করেন তারা।

​গ্রামটির কারিগরদের দাবি, চট্টগ্রাম জেলার মোট খইয়ের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ হয় মুড়িপাড়া থেকে। এ কাজের সঙ্গে নারী-পুরুষ উভয়েই যুক্ত। পরিবারের সদস্যরা মিলে ধান শুকানো থেকে শুরু করে খই ভাজা ও বাজারজাতের প্রস্তুতি পর্যন্ত সব কাজ করেন। কিন্তু উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও নিজস্ব পুঁজি না থাকায় তাদের অনেককে পাইকারদের কাছ থেকে দাদন নিতে হয়। এতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও রয়েছে সীমাবদ্ধতা।

​সরেজমিনে দেখা যায়, গ্রামের বাসিন্দা সত্যয় দে স্ত্রী বকুল দেকে নিয়ে মাটির হাঁড়িতে খই ভাজছেন। সত্যয় একটি হাঁড়িতে বালু গরম করছেন। সেই উত্তপ্ত বালুর মধ্যে ঢেলে দিচ্ছেন ধান। বকুল দে শলাকা দিয়ে বালুর সঙ্গে ধান নাড়ছেন। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তাপে ধান ফুটে খইয়ে পরিণত হচ্ছে।

​এরপর বালুসহ খই ঢেলে দেওয়া হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত একটি হাঁড়িতে। স্থানীয়ভাবে এটি ‘ঝাঞ্জর’ নামে পরিচিত। হাঁড়ির ছিদ্রে খই আটকে থাকে, আর বালু নিচে রাখা পাত্রে পড়ে যায়। এভাবেই তৈরি হয় হাতে ভাজা ঐতিহ্যবাহী খই। তবে এ প্রক্রিয়ার আগে ধানগুলো পিএবি সড়কে প্রতিদিন রোদে শুকানো হয়।

​কারিগরদের মতে, খই তৈরিতে কুমড়াবৈলাম জাতের ধান ব্যবহার করা হয়। ধান শুকিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রস্তুত করার পর তা ভাজা হয়। এতে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না বলেও দাবি তাঁদের। বর্তমানে প্রতি কেজি খই পাইকারিতে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। খুচরা বাজারে দাম প্রায় ২০০ টাকা।

​খই তৈরির সঙ্গে যুক্ত কারিগর হেমন্ত কুমার দে বলেন, খই ভাজার কাজ অনেক কষ্টের। চুলার প্রচণ্ড তাপ সহ্য করে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ কাজ আরও কঠিন হয়ে যাচ্ছে। এক কেজি খই তৈরিতে আমাদের খরচ হয় প্রায় ৩০ টাকা। বাড়ি থেকে প্রতি কেজি খই ১৫০ থেকে ১৬০ টাকায় পাইকারি বিক্রি করি। কিন্তু দীর্ঘ সময়ের পরিশ্রমের তুলনায় আয় খুব বেশি নয়। এ আয় দিয়েই সংসার, ছেলেমেয়েদের পড়াশোনা ও অন্যান্য খরচ চালাতে হয়।

​আরেক কারিগর বংশী কুমার দে বলেন, প্রতি কেজি ধান কিনতে তাঁদের খরচ হয় ৪৫ থেকে ৫৫ টাকা। এক কেজি ধান থেকে প্রায় ৬৫০ গ্রাম খই পাওয়া যায়। ভোর থেকে বিকেল পর্যন্ত একটানা কাজ করলে এক দিনে প্রায় দুই মণ ধানের খই ভাজা সম্ভব। দুজন মিলে এতে দিনে আয় করতে পারেন প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। তবে এই আয়ের বিপরীতে তাদের শ্রম অনেক বেশি।

​বংশী কুমার দে আরও বলেন, আমরা আগে থেকেই এ ব্যবসার সঙ্গে জড়িত। পরিশ্রম বেশি, লাভ কম। তারপরও বাপ-দাদার পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যেতে পারছি না। এই কাজ করেই আমাদের সংসার চলে।

​খইয়ের পাইকারি ব্যবসায়ী কালাম মানিক বলেন, মুড়িপাড়ার হাতে ভাজা খইয়ের জনপ্রিয়তা ও কদর অনেক বেশি। জেলার মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ এ গ্রাম থেকে সরবরাহ করা হয় বলে তাঁদের ধারণা। খই মূলত মোয়া, নাড়ু ও ফাতেহাসহ বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত হয়। ফলে এর ব্যবহার নির্দিষ্ট কিছু ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ। সময়ের সঙ্গে উৎপাদন ও ঐতিহ্য টিকে থাকলেও খইয়ের বাজারমূল্য ও চাহিদায় তেমন পরিবর্তন আসেনি।

​তিনি আরও বলেন, মুড়িপাড়ার এসব পরিবারের প্রত্যাশা, যথাযথ সহযোগিতা পেলে শুধু তাদের জীবনমানই বদলাবে না, টিকে থাকবে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা হাতে ভাজা খই তৈরির ঐতিহ্যও।

​স্থানীয় কারিগরদের অভিযোগ, খই উৎপাদনের মূল কাজটি তারাই করলেও ব্যবসার লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। নিজস্ব পুঁজি না থাকায় অনেক কারিগর পাইকারদের কাছ থেকে আগাম টাকা বা দাদন নিতে বাধ্য হন। ফলে নিজেদের ইচ্ছামতো পণ্য বিক্রি কিংবা ন্যায্য দাম নির্ধারণের সুযোগ পান না তারা।

​একদিকে শারীরিক পরিশ্রম, অন্যদিকে উৎপাদন খরচ ও পুঁজির সংকট সব মিলিয়ে কঠিন সময় পার করছেন মুড়িপাড়ার খই কারিগররা। তবু বাপ-দাদার পেশা ছাড়তে নারাজ তারা। তাদের হাতে তৈরি খই চট্টগ্রামের বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে, টিকে আছে কয়েক প্রজন্মের ঐতিহ্যও।

​তাদের দাবি, সহজ শর্তে ঋণ, সরকারি আর্থিক সহায়তা এবং উৎপাদিত খইয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ পেশাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। পাশাপাশি তাঁদের জন্য বাজারজাতের সুযোগ তৈরি করা গেলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতাও কমবে।

এইচ/এম

সম্পর্কিত খবর