গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে নাওজোড় এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকাতেও শ্রমিকদের অবস্থানের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এক জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও অন্য স্থানে গিয়ে আবারও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে জেলার ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
এফ/ডি