কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে শীতের প্রকোপ বেড়ে গেছে। ঘন
কুয়াশা ও হিমেল বাতাসে জেলার জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে যারা বাইরে বের হচ্ছেন, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতের কারণে কৃষিকাজেও ব্যাঘাত ঘটছে।
ভোগান্তির চিত্র ও স্থানীয়দের বক্তব্য
রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের কৃষক নওশাদ আলী (৬৫) জানান, শীতের কারণে জমিতে নিরানি দিতে পারছেন না। বয়স্ক হওয়ায় ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় আজ জমিতে যাননি।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ, কাজোত না গেই খামো কি। এলাও গরম ছাওয়া পাওয়া কাপড় কিনবের পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বারবের লাগছে।’
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, ‘ছাওয়াটার ৩ দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না।’
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আহসান হাবিব (৫৫) বলেন, সকালবেলা ভাড়া নিয়ে শহরে আসতে খুব কষ্ট হয়েছে এবং হাত-পা শীতে জমে যাচ্ছে।
আবহাওয়ার কারণ
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।
এইচ/এম