[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে- এমপি মঞ্জু

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৮:১৪ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ, অনার্স ও ডিগ্রি (পাস) শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি হলো শিক্ষা।

শিক্ষিত প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য মঞ্জু।

তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।

এসব কার্যক্রম তরুণদের নেতিবাচক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও ভূমিকা রাখে।

শিক্ষকদের যথাযথ সম্মান, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা এবং সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান। এ সময় বিএনসিসির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

পরে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর