[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের শুরুতে রাজশাহীর বাঘায় জমে উঠেছে খেজুরগুড়ের বেচাকেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন হাটবাজারে

 খেজুরগুড়ের কেনাবেচা জমে উঠেছে। ইতোমধ্যে উপজেলার প্রতিটি হাটবাজারেই খেজুরগুড়ের হাট শুরু হয়ে গেছে।

​তথ্য অনুযায়ী, বাঘা উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন, যাদের অধীনে খেজুরগাছ রয়েছে ১ লাখ ৬২ হাজারটি। এসব গাছ মূলত সড়কের পাশ, পতিত জমি এবং বাড়ির আঙিনায় কোনো ধরনের পরিচর্যা ছাড়াই স্বাভাবিকভাবে বেড়ে ওঠে।

​মৌসুম চলাকালে একজন গাছি দৈনিক ৫০ থেকে ৬০টি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন। বর্তমানে উপজেলার নানা এলাকায় প্রায় ৩ হাজার গাছি রস সংগ্রহের কাজে যুক্ত রয়েছেন। প্রতি মৌসুমে খেজুরগাছের ওপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ হয়।

​চাষিরা তাদের গাছের সংখ্যার ওপর ভিত্তি করে গাছি নিয়োগ দেন, যারা পুরো মৌসুমজুড়ে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করেন। আমের পাশাপাশি সুমিষ্ট খেজুরগুড়ের জন্যও বাঘা উপজেলার দেশ-বিদেশে সুনাম রয়েছে। উপজেলায় গুড়ের প্রধান দুই হাট হলো বাঘা ও আড়ানী; এ ছাড়া মনিগ্রাম ও দিঘাসহ আরও কয়েকটি হাটে গুড় কেনাবেচা হয়। প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার বাঘার হাট বসে, যেখানে সবচেয়ে বেশি পরিমাণ গুড় বেচাকেনা হয়ে থাকে।

​বাঘা ও আড়ানী পৌরসভার পাশাপাশি বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নের হাটগুলোতেও ভালো পরিমাণে গুড় বিক্রি হয়। তবে তুলনামূলক বেশি দামের আশায় অনেক চাষি বাঘার হাটেই গুড় নিয়ে আসেন। রোববার বাঘার হাটে প্রতি কেজি খেজুরগুড় ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। মৌসুমের একেবারে শুরুর দিকে প্রতি কেজি গুড় ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সাধারণত মৌসুমের শুরুতে দাম বেশি থাকলেও ভরা মৌসুমে তা কিছুটা কমে আসে।

​আড়ানী হাটের গুড় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, পাবনা থেকে কয়েকজন ব্যবসায়ী প্রতি শনিবার ও মঙ্গলবার তার আড়তে এসে গুড় কিনে নিয়ে যান।

​উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান জানান, অনুকূল আবহাওয়ার কারণে সরকারি হিসাব অনুযায়ী চলতি মৌসুমে স্থানীয়রা খেজুরগুড় বিক্রি করে হাজার হাজার টাকা আয় করছেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি এবং ১ লাখ ৬২ হাজার গাছ রয়েছে, যা গত মৌসুমের তুলনায় ৪ হাজার ৫০টি বেশি। তিনি আরও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরগুড় উৎপাদনে সহযোগিতা দেওয়া গেলে এটি আরও লাভজনক হয়ে উঠবে এবং বিদেশে রপ্তানি করা গেলে সরকার বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।

এইচ/এম

সম্পর্কিত খবর