[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিএনপি নেতা ও শ্রমিক ইউনিয়ন সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে বিএনপি নেতা ও ৯২৫ হ্যান্ডলিং

 শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তবিবুর রহমানের পাশাপাশি লোকমান হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। আহত দুজনই ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।

​সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাসভবনের সামনে এই হামলা চালানো হয়।

​আহত তবিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকা পাহারা দিয়ে কয়েকজন সঙ্গীসহ তিনি বাড়ি ফিরছিলেন। বাসার প্রধান ফটকের কাছে পৌঁছালে অপরিচিত এক হামলাকারী তাদের দিকে বোমা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। এতে তিনি এবং লোকমান হোসেন জখম হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বোমার স্প্লিন্টার বা আঘাতে দুজনেরই হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।

​বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে সীমান্ত পাহারা শেষে তারা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই তবিবুর রহমানের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

​হামলার পর থেকে ওই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

​বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। পরে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

এইচ/এম

সম্পর্কিত খবর