আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে
পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি দেশের দুটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ ছাড়া আগামী ২৬, ২৭ এবং ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা করে তিন দিনই দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। এই তিন দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, এই সময়ের পর সারাদেশে তাপমাত্রা পুনরায় বাড়তে পারে।
এইচ/এম