[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর রফিকুল ইসলাম

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

অক্টোবর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক কর্মদক্ষতার

 স্বীকৃতিস্বরূপ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

​আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

​সূত্র জানায়, ২০২৬ সালের এপ্রিলের শুরুতে কটিয়াদী মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব নেন মো. রফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছেন তিনি। সীমিত জনবল ও বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও নিয়মিত অভিযান, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁর তৎপরতা ও সাহসী ভূমিকা এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

​গত নভেম্বরের মাঝামাঝি সময়ে কটিয়াদীর সহস্রাম ধুলদিয়া এলাকা থেকে নাশকতার উদ্দেশ্যে রাখা ৪০০টির বেশি লগি-বৈঠা জব্দ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সে সময় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

​লগি-বৈঠা উদ্ধারের ঘটনার পর একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওসি মো. রফিকুল ইসলাম এবং কটিয়াদী থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে খুঁজে বের করে গ্রেপ্তারের অভিযান চলছে।

​নিজের এই স্বীকৃতি প্রসঙ্গে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অক্টোবর মাসে কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অধিক মাদক উদ্ধারের কারণে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এই সাফল্য কটিয়াদীর সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

এইচ/এম

সম্পর্কিত খবর