রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের
কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে নগরীর মাহিগঞ্জে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে নতুন করে চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন এবং প্রতিদিন টিকা কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে এ হাসপাতালটিকে সিজারিয়ান অপারেশন কার্যক্রমসহ ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কথা জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। এ ছাড়া প্রতিদিন এখানে টিকা কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, দ্রুত এখানে একজন শিশু ও একজন মেডিসিন বিশেষজ্ঞ আনার চেষ্টা করা হবে। এটি হলে আগামীতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের টাকা খরচ করে ও বাড়তি সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, এই হাসপাতাল চালুর মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ ও ডা. ইসমত নিগার স্বপ্না।
এর আগে হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং তখন এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। রংপুর সিটি করপোরেশন হাসপাতালটি সংস্কার করে শহীদ আবু সাঈদ হাসপাতাল নামে চালুর উদ্যোগ নেয়। এখন থেকে এই হাসপাতালে মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
এইচ/এম