পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটার পর এলাকায় এখনো স্বাভাবিক পরিবেশ ফেরেনি।
এদিকে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বেড়া পৌর সদরের বৃশালিখা এলাকার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর এলাকার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১) এবং আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সংঘর্ষের সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার দুপুরে পৌর এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংঘর্ষের স্থানগুলোতে ইটপাটকেল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনেও গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে রোববার নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ প্রশাসন দেখছে। উপজেলা প্রশাসনও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং আহত ব্যক্তিদের তালিকা তৈরির মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এই সংঘাত সন্ধ্যার কিছু পর থামে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার থেকে দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত তিন দিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এফ/ডি