মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার পরিবেশ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকা খলিলুর রহমান রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে ক্যাম্পটি পরিদর্শন করেন।
বক্তব্যে তিনি বলেন, নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি দিয়েছে। ২০১৭ সালে সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। দেশটির সঙ্গে তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও প্রজন্মগত সম্পর্ক রয়েছে। তাদের জাতিগত পরিচয় ও অধিকার স্বীকার না করলে চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রত্যাবাসন কোনোভাবেই জোরপূর্বক করা যাবে না। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে ফেরার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও প্রয়োজন।
ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠান সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন খলিলুর রহমান। পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে সহযোগিতার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় অংশ নেওয়া ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মানবিক সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে দায়িত্ব পালন করেছে, তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘস্থায়ী এই সংকটের বোঝা বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
খলিলুর রহমান আশা প্রকাশ করেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হবে। আইসিজের রায়কে বাস্তব অগ্রগতিতে রূপ দিতে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গারাও আদালতের রায়কে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন। তারা দীর্ঘদিনের নির্যাতনের বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার নিশ্চয়তা দাবি করেন।
সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এফ/ডি