[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

শ্রম অসন্তোষে রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার কারখানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কিছু এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে কারখানাগুলো বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।

 

এর আগে দুপুরে বিজিএমইএ কার্যালয়ে শ্রম পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।

 

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ উদ্যোক্তা কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে শিল্পকারখানার নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তা না হলে উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

 

তিনি বলেন, চলমান শ্রম অসন্তোষের কারণে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু কারখানা উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এ অবস্থায় মালিকেরা ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন।

 

মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশের রপ্তানি আয় ও জাতীয় অর্থনীতিতে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব কারখানার সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান জড়িত। তাই শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। একই সঙ্গে শ্রমিক, মালিক, সরকার, গণমাধ্যম ও সুশীল সমাজকে সংকট সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

কারখানা বন্ধের বিষয়ে বিজিএমইএ সভাপতি স্পষ্ট করেন, সংগঠন হিসেবে বিজিএমইএ কোনো কারখানা বন্ধের নির্দেশ দিচ্ছে না। বরং অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পারায় সংশ্লিষ্ট কারখানার মালিকেরা নিজেরাই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

 

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কারখানা চালু রাখার চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

 

কারখানার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি। এসব কারখানার মালিক চাইলে একই ধারায় বন্ধের ঘোষণা দিতে পারবেন।

বিজিএমইএ সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। একটি পোশাক কারখানায় গড়ে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানার সঙ্গে প্রায় তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান সম্পৃক্ত।

এফ/ডি

সম্পর্কিত খবর