কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহাসড়কে নাশকতা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল, শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন। দিনভর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে বলে জানিয়েছে পুলিশ।
চৌদ্দগ্রাম মডেল থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে মিছিলের ঘটনা ঘটে। পরে পদুয়া এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে টায়ার ও পেট্রোলসহ ছয়জনকে আটক করে পুলিশ।
এ ছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতাকে আটক করা হয়।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেন দলটির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, জগন্নাথ ও বাবুচি বাজার এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তবে দিনের বেলায় এসব এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি।
চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের এমপির নির্দেশনায় মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যাতে কেউ নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ না পায়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মহাসড়কে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতার চেষ্টাকালে ছয়জনসহ বিভিন্ন অভিযানে মোট নয়জনকে আটক করা হয়েছে।
এফ/ডি