রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বাড়িটির সামনে আসেন। একপর্যায়ে তারা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং পেট্রোল ব্যবহার করে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির একাংশে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আশপাশের লোকজনকে খবর দেন। পরে সম্মিলিতভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাহরিয়ার আলমের চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, কয়েকজন ব্যক্তি বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার কারণে তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে এলাকাবাসী তা দ্রুত নিভিয়ে ফেলেন।
এফ/ডি