গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে প্রবেশ করেন।
পরে বাড়ির বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর এবং লুটপাট করা হয়।
একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় একই গ্রামের সেলিমুজ্জামানের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
এ ছাড়া উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে।
তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেও মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।
সংসদ সদস্যের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়।
তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এ/এইচ/টি