ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি করে।
দুই মিনিট পর ট্রেনটি বিসকা স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের একটি বগিতে আগুন লাগানো হয়।
আগুনের খবর পেয়ে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
এতে ট্রেনের ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর আসন দুটি পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাতের ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল।
প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতার উদ্দেশ্যে সংঘটিত অগ্নিসংযোগ বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ আহত বা নিহত হননি।
গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, বিসকা স্টেশন অতিক্রম করে শম্ভুগঞ্জের দিকে যাওয়ার সময় ট্রেনটির একটি বগিতে আগুনের ঘটনা ঘটে।
পরে ট্রেনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।
এ/এইচ/টি