[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ২:২২ পিএম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে বিভিন্ন ধরনের যানবাহন ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

 

সকাল থেকে নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধের ঘটনা দেখা যায়।

 

স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সড়কের বিভিন্ন জায়গায় পোড়া গাড়ি, গাছের গুঁড়ি, খুঁটি, বাঁশ এবং পুলিশের চেকপোস্টের বক্স রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

 

অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া একজন। তবে স্থানীয় বাসিন্দাদের চলাচলের কথা বিবেচনা করে রিকশা ও ইজিবাইক সীমিতভাবে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

 

এদিকে চৌরঙ্গী ও নীলফাবাজার মোড় এলাকায় সকাল থেকেই মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

অবরোধের কারণে এলাকায় উত্তেজনা থাকলেও সকাল পর্যন্ত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

 

এর আগে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ায় কয়েক দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি সংসদ সদস্যের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।

 

পরপর এসব ঘটনার পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বুধবার সকালে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে নতুন করে অবরোধ কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এফ/ডি

সম্পর্কিত খবর