[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে আবারও সড়কে নেমেছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার কর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে সফিপুর অংশে যান চলাচল ব্যাহত হয়।

 

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ ছাড়া আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেফতারের অভিযোগ তুলেছেন শ্রমিকরা। স্থানীয় কিছু নেতাকর্মী এবং বহিরাগত ব্যক্তিদের হামলার শিকার হওয়ার অভিযোগও করেছেন তারা। এসব ঘটনার প্রতিবাদ এবং মজুরি বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।

 

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বলে জানা গেছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এফ/ডি

সম্পর্কিত খবর