[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে শ্রমিক আন্দোলন: ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, সংঘর্ষ ও বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ১:১৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত

 পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে একটায় সরেজমিনে দেখা যায়, মিরপুর-১২ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে এবং জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন।

​এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন, যার ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

​এই সংঘর্ষের জেরে মিরপুর-১১, ১২ ও পল্লবী এলাকায় কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয় এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

​এদিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুরের বিভিন্ন সড়কে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে মিছিল ও অবস্থান করতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজন জানান, শ্রমিকদের বেশ ধারণ করে আওয়ামী লীগের লোকজন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে—এমন আশঙ্কায় তারা সড়কে নেমেছেন।

​উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করা, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর