নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রসিদ শেখ ওই এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন তিনি। পরে বনপাড়া সরদারপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফ/ডি