শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চল।
সংঘর্ষে অন্তত দুই পোশাকশ্রমিক ও শিল্প পুলিশের চার সদস্য আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ছোট-বড় পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আহত দুই শ্রমিক হলেন স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) এবং সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। আহতদের মধ্যে রাজিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ করছিলেন।
এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, আহত দুই শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছিল। রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছিলেন। তবে জামগড়ার রোজ ড্রেস কারখানার শ্রমিকেরা কাজে না গিয়ে বাইরে অবস্থান করেন। পরে তাঁরা সেখান থেকে বের হয়ে দুটি কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ কারণে সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
তিনি আরও জানান, সড়ক অবরোধকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হলেও তাঁরা সরে না যাওয়ায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এ ঘটনায় রাবার বুলেট, শর্টগান কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি করেন তিনি। পরিস্থিতি বিবেচনায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি ও বড় আকারের প্রায় ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, কিছু কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কাজ না করে পরে বের হয়ে যাচ্ছেন। বিষয়টি মালিকপক্ষের গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকেরা দ্রুত স্পষ্ট প্রস্তাব দিলে শ্রমিকদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তা কমতে পারে।
তিনি আরও বলেন, কিছু কারখানার মালিক কাজ না করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কিংবা চাকরি হারানোর বিষয়ে শ্রমিকদের সতর্ক করছেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অবিশ্বাস বাড়ছে। তাঁর মতে, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি না হলে চলমান অসন্তোষের স্থায়ী সমাধান কঠিন হবে।
এফ/ডি