যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকেলে ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে তাদের পর্যবেক্ষণ। সংগঠনটির কোনো নেতাকর্মী বা সহযোগী যেন সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। পাশাপাশি অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল এলাকায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। এসব অপরাধ প্রতিরোধে নিজেদের মতামত ও পরামর্শও জানান তাঁরা।
এফ/ডি