নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে কান্দা হাওরের একটি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, রাতে ওই শিক্ষার্থী বাড়ির বাইরে বের হলে পরিচিত তিন যুবক তাকে জোর করে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।
পরে রাত আনুমানিক আড়াইটার দিকে জ্ঞান ফিরে পেয়ে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় শিক্ষার্থীটি। পরদিন সকালে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানালে তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন।
মামলার আসামিরা হলেন কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীর বাবার করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি শিক্ষার্থীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা। অভিযোগের যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
এফ/ডি