রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্দোষ বলে দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাসুমা আক্তারের দাবি, ৫ আগস্ট তার স্বামী ঢাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। অথচ তাকে ফেনীতে অবস্থান করার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বামীর মোবাইল ফোন হ্যাক হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও জানান। তবে জিডি করার নির্দিষ্ট তারিখ মনে নেই বলে উল্লেখ করেন তিনি।
স্বামীর শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের প্রসঙ্গ তুলে মাসুমা বলেন, জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে মেধাতালিকায় ১১তম স্থান অর্জন করেছিলেন। নিজের যোগ্যতায় তিনি পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন। কোনো রাজনৈতিক সংগঠন বা কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন স্ত্রী।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। বাবার নির্দেশে রাজনীতি করার অভিযোগও ভিত্তিহীন। তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই করতে চাকরিসংক্রান্ত নথি ও ব্যক্তিগত বায়োডাটা পর্যালোচনার আহ্বান জানান তিনি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
মামলার বিবরণ অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে। গ্রেপ্তারের আগে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এফ/ডি