দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বীরগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম পূর্বপাড়ায় অভিযান চালানো হয়।
এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনির নেতৃত্বে পুলিশের একটি দল নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।
অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মোটরসাইকেলগুলোর বিষয়ে মোশারফের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পাশাপাশি যানবাহনগুলোর বৈধ কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে গোলাপ মিয়া (৪৫)-এর নাম উল্লেখ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশের ভাষ্য, দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একটি চক্র সেগুলো মোশারফের বাড়িতে মজুত রেখে বিক্রির চেষ্টা করছিল। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আক্তারুল ইসলাম সরকার, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি উপস্থিত ছিলেন।
এ/এইচ/টি