[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ১০:০৩ পিএম

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন

 বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ফয়সল আমিন।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আসনটির ১৮৫টি কেন্দ্রের সবকটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

​এ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট। আসনটিতে মোট বাতিল হওয়া ভোটের সংখ্যা ৫ হাজার ৩০৮ এবং ভোট প্রদানের হার ছিল ৬৪.৭৭ শতাংশ।

​ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন—যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন চারজন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধিত ছিলেন ২৮৭ জন ভোটার।

​উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপির অপর প্রার্থী মো. ওবায়দুল্লাহ মাসুদ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্ত লড়াইয়ে নামেন পাঁচজন প্রার্থী।

​প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যেখানে বিজয়ের ধারা ধরে রাখলেন মির্জা ফয়সল আমিন।

এসআর

সম্পর্কিত খবর