বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে
বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর-১০ থেকে ১১ নম্বর ও তার আশপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন। মঙ্গলবারেও তারা সকালে মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরে সড়ক থেকে তাদের সরিয়ে দিতে পুলিশ এগোলে চরম উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। টিয়ারশেলের মুখে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে সংলগ্ন বিভিন্ন গলিতে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচের সড়কজুড়ে ইট-পাটকেল, স্যান্ডেল, খাবারের বাটিসহ নানা জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। টিয়ারশেলের তীব্র ধোঁয়ায় পথচারী ও স্থানীয় অধিবাসীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, শ্রমিক আন্দোলনের জের ধরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়, যার ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাটিতে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুলিশ ও শ্রমিকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এইচ/এম