[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধ, গুলিতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুই ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি তাঁকে গুলি করেছেন বলে অভিযোগ রয়েছে। মাটির ব্যবসা নিয়ে এর আগেও ওয়ালিদ তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেন।

 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে গুলির দুটি চিহ্ন পাওয়া গেছে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় তাঁর স্ত্রী, মেয়ে ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর