[email protected] বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল তরুণের; দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৪:০৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জের আতাশুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে সাকিব হাসান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে মানিক আহমেদ (৪০) ও রাকিব হোসেন (১৮) রয়েছেন।

 

আহত দুজনকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। পরে মানিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালিন্দী ইউনিয়নের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

 

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় ইউনিটের পাশাপাশি ঢাকার আরও কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।

 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আটতলা ভবনটিতে প্লাস্টিকের খেলনা তৈরি করা হতো। খেলনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার পর কারখানার শ্রমিকেরা ভবন থেকে বেরিয়ে যান। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসও জানিয়েছেন, ভবনটিতে রাসায়নিক মিশিয়ে খেলনা তৈরি করা হতো। রাসায়নিক পদার্থের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর