গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সেখানে বিপুল পরিমাণ খালি কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুনের তীব্রতা বাড়ে। আগুনের ধোঁয়ায় কারখানার আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয় মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পরে আগুনের ব্যাপকতা বিবেচনায় আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরিফুল ইসলাম আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুদামে প্রচুর খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এসআর