সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জহিরুল ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ তাদের হাতে এসেছে।
প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এসআর