কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে আটক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লালোয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাজমিন হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রাজুর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। বিভিন্ন তথ্য যাচাইয়ের পর তার অবস্থান শনাক্ত করে কক্সবাজারে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তাজমিনের সঙ্গে রাজুর পরিচয় হয়েছিল প্রায় ১৮ দিন আগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পরিচয়ের সূত্র ধরে তিনি তাজমিনকে কক্সবাজারে নিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এই হত্যাকাণ্ডে রাজুর প্রকৃত ভূমিকা কী, ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এসব বিষয় খতিয়ে দেখতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় তদন্ত চালাবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন এবং অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসআর