আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকা
থেকে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে প্রথমে সেলিম খান এবং এর কিছু সময় পর শান্ত খানের মরদেহ তোলা হয়।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিতি ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের উদ্দেশ্যে জেলা প্রশাসকের নিকট নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন জানানো হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করার পর আজ উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, নিহত সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান 'শাপলা মিডিয়া'র স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খানও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বিগত সরকারের আমলে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ছিল সেলিম খানের বিরুদ্ধে। পাশাপাশি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের সূত্রে তিনি 'বালুখেকো চেয়ারম্যান' হিসেবে পরিচিত পান। দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গণপিটুনিতে বাবা-ছেলে দুজনই নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু তদন্তের অংশ হিসেবেই আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করেন।
এসআর