বরিশালের বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ তিন দশম শ্রেণির ছাত্রীকে ঢাকার শ্যামপুরের একটি ডাইং কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো—দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) এবং দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর তিনজনই স্কুলে যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা বিদ্যালয়ে পৌঁছায়নি এবং পরে বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে, তিন ছাত্রীর অবস্থান ঢাকায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল কদমতলী থানা পুলিশের সহায়তায় শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্যামপুরের সোনিয়া ডাইং হাউস নামে একটি ছাপা কারখানা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদের বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় একটি চাকরি করেন। পূর্বপরিচয়ের কারণে সুবর্ণার সঙ্গে তার যোগাযোগ ছিল। সেই যোগাযোগের সূত্র ধরেই তিন ছাত্রী কাজের উদ্দেশ্যে ঢাকায় যায় এবং পরে সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয় বলে পুলিশ জানতে পেরেছে।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় শ্যামপুরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর