[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ৩ দিন বয়সী নবজাতক চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬ ৯:০৪ এএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিন দিন বয়সী

 এক শিশুসন্তান (ছেলে) চুরির ঘটনা ঘটেছে।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সহযোগিতার ছদ্মবেশ ধরে এক নারী রোগীর স্বজনদের ফাঁকি দিয়ে মায়ের কোল থেকে শিশুটিকে চুরি করে পালিয়ে যায়।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চুরি যাওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির সন্তান। বিয়ের তিন বছর পর এটিই তাদের প্রথম সন্তান ছিল। গত সোমবার প্রসববেদনা উঠলে মরিয়মকে হাসপাতালটির গাইনি বিভাগে ভর্তি করানো হয় এবং মঙ্গলবার দুপুরে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।

​বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারী নিজেকে অন্য এক রোগীর স্বজন হিসেবে পরিচয় দিয়ে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে মরিয়মের পেটব্যথা শুরু হলে ওই নারী সহযোগিতার কথা বলে নবজাতককে কোলে নেয় এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে চম্পট দেয়।

​শিশুটির নানি মমতাজ বেগম জানান, অজ্ঞাত ওই নারী কৌশল করে আলাপ জমিয়ে পরিবারের বিশ্বাস অর্জন করে এবং সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

​কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা মরিয়ম বেগম বলেন, “বিয়ের তিন বছর পর আমার কোলজুড়ে প্রথম সন্তান এসেছে। প্রতারণা করে আমার বাবুটাকে চুরি করে নিয়ে গেছে। আমি আমার সন্তানকে ফেরত চাই। পুলিশ ও সরকারের কাছে আকুল আবেদন—তারা যেন দ্রুত আমার কোল খালি করা সন্তানকে ফিরিয়ে আনে এবং চোরকে গ্রেপ্তার করে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অভিযুক্ত নারীকে শনাক্ত করা এবং শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

এসআর

সম্পর্কিত খবর