নোয়াখালীর সেনবাগে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন মারুফ। এরপর কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
বুধবার রাতে স্থানীয়রা বাড়ির কাছের একটি ধানখেতে মারুফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের আশপাশ থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মরদেহটির গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী মিলন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদনেই স্পষ্ট হবে।
এসআর