[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

বোদা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির বাধার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। পরে রাতের দিকে একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান তারা।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সীমান্তে অবস্থান নেওয়া সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

 

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেন।

 

সারাদিন ওই সাতজন সীমান্তের কাছাকাছি অবস্থান করলেও বিজিবির সদস্যরা তাদের বাংলাদেশে ঢুকতে দেননি। একপর্যায়ে রাতে বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যান।

 

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবির বাধায় তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন।

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে এবং অবৈধ পারাপার ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর