[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৯:১৩ পিএম

সংগৃহীত ছবি

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভাস্কর্যটির গলায় জুতার মালা দেখা যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরে ভাস্কর্য থেকে জুতার মালাটি সরিয়ে ফেলা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহের পাশাপাশি পুরো দেশের গর্ব। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে তিনি অসামান্য বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর আগেও তার নামে নির্মিত ভাস্কর্য ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এবার জুতার মালা পরানোর ঘটনাটিও অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ভাস্কর্যে জুতার মালা ঝুলতে দেখেন। পরে সেটি অপসারণ করা হয়। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ভাস্কর্যটি নিয়ে বিভিন্ন ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তার দাবি, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সর্বশেষ জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

 

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি আলোচনা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই একই এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত ভাস্কর্যটি অপসারণের কাজ শুরু করে ঝিনাইদহ পৌরসভা। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ওই কার্যক্রম শুরু করা হয়েছিল। সে সময় ভাস্কর্য নির্মাণের প্রকল্পসংক্রান্ত মূল নথি খুঁজে না পাওয়ার বিষয়টিও সামনে আসে।

এসআর

সম্পর্কিত খবর