[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রের মাধ্যমে মুক্তা পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে বোদা পৌরসভা-সংলগ্ন আটোয়ারী উপজেলার সাতখামার এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে কাজীপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পঞ্চগড়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। এ ঘটনায় একই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মো. মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।

 

মামলায় সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের ১৯ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার অন্যতম আসামি নূরুল ইসলাম সুজন বর্তমানে কারাগারে রয়েছেন।

 

পুলিশ জানিয়েছে, আল আমিনকে গুম ও হত্যার মামলা ছাড়াও বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সাবেক এমপি মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে পঞ্চগড়-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ আসনের আওতায় রয়েছে তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা।

এসআর

সম্পর্কিত খবর