যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের সভাপতিত্বে র্যালিতে অংশ নেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), হাসপাতালের আরএমও ডা. আহসান কবির বাপ্পিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। হৃদযন্ত্র সুস্থ রাখতে ধূমপান ও তামাকজাত পণ্য থেকে দূরে থাকা, নিয়মিত হাঁটা ও শরীরচর্চা করা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার কমিয়ে শাকসবজি ও ফলমূল বেশি খাওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়।
তারা বলেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা হঠাৎ দুর্বলতার মতো হৃদরোগের সম্ভাব্য সতর্কসংকেত দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এসআর