[email protected] বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

শার্শায় গাছের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, হেলপার নিহত

শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি রেইনট্রি কড়ইগাছে ধাক্কা দিয়েছে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যান।

এতে গাড়িটির হেলপার আরিফ হোসেন (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালক রানা (৪০) গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকার খাজুরা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক রানা একই জেলার ধুনট উপজেলার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাভারণ থেকে মুরগির বাচ্চা নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। খাজুরা জামে মসজিদের কাছে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের রেইনট্রি কড়ইগাছে জোরে ধাক্কা দেয়।

 

সংঘর্ষে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক ও হেলপার দুজনই আহত হন। খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর চালক রানা মরদেহ নিয়ে নিজ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন—এমন তথ্য স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লেও পুলিশ এ বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছে।

 

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার পাল জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আরিফ হোসেনের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসআর

সম্পর্কিত খবর